সকালে ঘুম থেকে উঠে ক্লাসের প্রস্তুতি, সব পাট চুকিয়ে ফিরতে ফিরতেই সন্ধ্যা। শুধু তো পড়লেই হবে না, সিলেবাসের সঙ্গে সঙ্গে প্রস্তুতি কতটুকু এগোল, তাও ভাবতে হবে। এর জন্য চাই যাচাই বা টেস্ট। আর এই মডেল টেস্টটিই যদি হয় ঘরে বসে, মন্দ কি! টেস্ট শেষেই মিলছে ফল। ভুল শুধরে
সঠিক উত্তর কোনটি, বাতলে দেবে মুহূর্তেই।
যখন খুশি টেস্ট
পরীক্ষা এলেই বেড়ে যায় নাদিয়ার ব্যস্ততা। সেই সঙ্গে তার মায়েরও। রান্না ছেড়ে বসতে হয় নাদিয়ার পাশে। এরপর শুরু হয় মুখোমুখি পরীক্ষাপর্ব! বই দেখে মা প্রশ্ন বলেন, নাদিয়া উত্তর দেয়। ভুল হলে তাৎক্ষণিক শুধরে দেন মা। এই পদ্ধতি কাজে আসত বহু নির্বাচনী প্রশ্নের ক্ষেত্রে। তবে কম্পিউটার-ইন্টারনেটের এই যুগে অনেকের কাছেই পদ্ধতিটি সেকেলে হয়ে গেছে। মাউসের কায়দা আর দরকারি সাইটের ঠিকানা জানলে টেস্ট সারা যাবে নিজে নিজেই। যখন খুশি অংশ নেওয়া যাবে এই ভার্চুয়াল টেস্টে।
নিজে নিজেই যাচাই
মডেল টেস্টে অংশ নেওয়া যায় ইচ্ছেমতো। এর পাশাপাশি আরেকটি সুবিধা হচ্ছে, টেস্ট শেষে দেখা যায় প্রাপ্ত নম্বর। ওয়েবসাইটে মডেল টেস্টগুলো এমনভাবে সাজানো থাকে, যা শিক্ষার্থীর দেওয়া ভুল-সঠিক উত্তর স্বয়ংক্রিয়ভাবে টুকে রাখে। টেস্টের নির্ধারিত সময় পেরোলেই পর্দায় ভেসে উঠবে নম্বর। শিক্ষার্থীর দেওয়া ভুল উত্তরের সঠিকটি কী হবে, তাও দেখা যায় কোনো কোনো সাইটে। বাড়তি সুবিধাও মিলবে কিছু সাইটে। চাইলে নির্ধারিত সময় পরিবর্তন করেও টেস্টে অংশ নেওয়া যাবে। যদি টেস্টের নির্ধারিত সময় থাকে ৩০ মিনিট, শিক্ষার্থী যদি এটি কমিয়ে ২০ মিনিটে আনতে চায়, পারবে। ফলে শিক্ষার্থী নির্দিষ্ট সময়ের আগেই তার নির্ধারিত টেস্টের উত্তর কতটা নির্ভুলভাবে দিতে পারছে, তা যাচাই করতে পারবে।
খরচ নেই, ঝামেলাও নেই
অনলাইনে মডেল টেস্ট, তাও আবার বিনা খরচে। এমন সুবিধা দিচ্ছে বেশ কিছু সাইট।
বিভিন্ন পাবলিক পরীক্ষার জন্য নিজের প্রস্তুতি যাচাইয়ের সুযোগ মিলবে এসব সাইটে।
স্কুল-কলেজের পাবলিক পরীক্ষার পাশাপাশি অনলাইনে দেওয়া যাবে বিভিন্ন নিয়োগ পরীক্ষার মডেল টেস্ট।
বিভিন্ন নমুনা প্রশ্নের পাশাপাশি আছে বিগত বছরের প্রশ্নের ওপর অনলাইন পরীক্ষায় অংশ নেওয়ারও সুযোগ।
বিশ্ববিদ্যালয়ে ভর্তীচ্ছুরা বিভিন্ন বিষয়ের ওপর ইউনিটভিক্তিক মূল্যায়ন টেস্টে অংশ নিতে পারবে।
আবার কোনো কোনো সাইটে পরীক্ষা দেওয়া যাবে নিজের সাজানো প্রশ্নপত্রে। শিক্ষার্থী কিংবা শিক্ষকরা নিজেদের পছন্দমতো প্রশ্নপত্র (উত্তরসহ) সাজিয়ে নিতে পারবেন, নির্ধারণ করতে পারবেন পরীক্ষার সময়ও।
সবার নাগালে...
বেশির ভাগ সাইট ব্যবহারকারী-বান্ধব, ফিচারগুলো সাজানো হয়েছে সহজভাবে। পেজ খুললেই চোখে পড়বে দরকারি সব সেবা। মডেল টেস্টে অংশ নেওয়ার পদ্ধতিও সহজ। যে কেউ প্রথমবার ঢুকেই বুঝে নেবে সব কায়দা। আবার সাধারণ ব্যবহারকারীদের জন্যও আছে 'নির্দেশনা'। টেস্টে অংশ নিতে সমস্যা হলে দেখে নিতে পারেন এই পাতা। যদি কাঙ্ক্ষিত কোনো টেস্ট না পান কিংবা সমস্যায় পড়েন, তাহলে 'যোগাযোগ'-এ ক্লিক করে জানিয়ে দিন।
বড়দেরও সুযোগ আছে
শুধু স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্যই নয়; মডেল টেস্ট উপযোগী সাইটগুলো উন্মুক্ত বড়দের জন্যও। বিসিএসসহ বিভিন্ন চাকরির নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্যও আছে বহু সাইট।
এসব সাইটে প্রার্থীদের প্রস্তুতি এগিয়ে নিতে চালু আছে টেস্ট দেওয়ার সুবিধা।
এক ডিস্কেই সব দাওয়াই
যাদের ইন্টারনেট সুবিধা নেই, তবে কম্পিউটার আছে; তাদের জন্যই ডিস্কনির্ভর টেস্ট পদ্ধতি। এক সিডি বা ডিভিডি ডিস্কেই পাওয়া যাবে সব বিষয়ের মডেল টেস্ট। বিশেষ করে এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের উপযোগী করে তৈরি করা এসব ডিস্ক। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষার মানবণ্টন অনুসরণ করে এসব টেস্ট তৈরি করা হয়। টেস্টের সময়কালও মূল পরীক্ষার সঙ্গে মিল রেখে করা হয়। লেকচার, পাঞ্জেরি পাবলিকেশনসহ বেশ কিছু প্রকাশনীর পাঠসহায়ক বইয়ের সঙ্গেও বাজারে এসব সিডি মিলছে।
অনলাইনে কিভাবে কী
একটু খেয়াল করলে সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীও টেস্টে অংশ নিতে পারবে। অনলাইন টেস্ট বা পরীক্ষায় অংশ নিতে www.lecturepublications.com সাইটে গিয়ে ডান দিকের 'অনলাইন এক্সাম' অংশে ক্লিক দিয়ে লগইন করতে হবে। তবে এর আগে নিবন্ধন পর্ব সেরে ফেলুন। ইউজার নেম ও পাসওয়ার্ড হাতে এলেই লগইনে আর সমস্যা নেই। এরপর মেন্যু থেকে পরীক্ষার নাম (এসএসসি, এইচএসসি ইত্যাদি) ঠিক করুন। সেখানে 'এমসিকিউ এক্সাম' অংশে ক্লিক করে বিষয় ঠিক করুন। এরপর টেস্ট শুরু। এভাবে টেস্টে অংশ নিতে পারবেন এই সাইট দুটিতেও-
www.panjeree.com/pole.php , www.professorsbd.com/modeltest/
প্রতিটি অধ্যায়ের আলাদা টেস্ট
শিক্ষাব্যবস্থাকে বিশ্বমানের কাছাকাছি পৌঁছে দিতে প্রবর্তিত হয়েছে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি। এই পদ্ধতিতে পরীক্ষায় ভালো করার উপায় হলো পাঠ্য বইয়ের পড়াগুলো ভালোভাবে বোঝা। এর সঙ্গে নিয়মিত অনুশীলন। অধ্যায় শেষ করেই যেন শিক্ষার্থী পর্যাপ্ত অনুশীলন করতে পারে, সেই সঙ্গে প্রস্তুতি কেমন হয়েছে তা যাচাই করতে পারে, এ জন্য চালু হয়েছে সৃজনশীলডটকম। ঘরে বসেই সিলেবাস অনুযায়ী বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী মডেল টেস্ট দেওয়ার সুযোগ পাবে এই সাইটে। বিভিন্ন শ্রেণীর বিষয়ভিত্তিক পরীক্ষার মডেল টেস্টের তালিকা পাওয়া যাবে এই লিংকে : www.srijonshil.com/allexams.php টেস্ট শেষে নিজের ফল বা নম্বর তো আসবে। এর পাশাপাশি শেষ ৬০ দিনে সবচেয়ে বেশি নম্বর পাওয়া শিক্ষার্থীদের তালিকাও দেখাবে সাইটের ডান দিকে।
ঝালিয়ে নিন ইংরেজি
পরীক্ষার ফলে সব বিষয়েই ভালো পয়েন্ট। কেবল ইংরেজিতেই খারাপ। এমন শিক্ষার্থীর সংখ্যা অনেক। শুধু ইংরেজি বিষয়ের ওপর বিশেষ টেস্ট তাদের বেশ কাজে আসবে। কোনো কোনো সাইটে টেস্টের পাশাপাশি শেখা বা প্রস্তুতির কাজটিও সারা যাচ্ছে। ইংরেজিতে দুর্বলতা কার কত, এর ওপর নির্ভর করছে কোথা থেকে শুরু করবেন। কোন পদ্ধতিতে শিখবেন, তা-ও অনেকটা এর ওপর নির্ভর করছে। ক্যামব্রিজ ইংলিশ সাইটের 'টেস্ট ইউর ইংলিশ' অংশে গেলেই আঁচ করতে পারবেন কোন ধাপটি আপনার জন্য- www.cambridgeenglish.org/test-your-english/
আরো কিছু সাইট
* www.edpdbd.org/content/model-test
* www.exambd.com/registration.php
* www.allexambd.com
* http://bcsprep.com
* www.studentrelation.com/exam
* www.bcstest.com
* www.khanacademy.org
* www.champs21.com
* www.shikkhok.com
* www.srijonshil.com
* www.jontrogonok.com
* www.rafimcq.com
* www.mcqschool.com
* www.edureto.com
* www.etestbd.com
* www.educarnival.com
* www.education-bd.org
No comments:
Post a Comment